নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল, হেরোইন ও বাইকসহ দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল, হেরোইন ও বাইকসহ দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর থানাধীন ২নং রেলগেটের সংলগ্ন মনির রেস্তোরাঁর উত্তর পাশে ‘সাজ্জাদ ট্রেডার্স’-এর সামনের খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১. এমদাদুল হক (২৭): নেত্রকোনার দুর্গাপুর থানার বড় বাট্টা এলাকার মৃত ইদ্রিস ও মরিয়মের ছেলে। বর্তমানে ফতুল্লা থানার মাসদাইর বাজার চশমাওয়ালার বাড়ির ভাড়াটিয়া।
২. মোঃ জিহাদ (২৪): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী (বাঁশবাড়ী) এলাকার মোঃ শাহিন ও পলির ছেলে। বর্তমানে ফতুল্লা থানার চানমারী বস্তির বাসিন্দা।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মোঃ শামীম হোসেনের সার্বিক সহযোগিতায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শেখ সাইয়াদুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ আমিরুল হাসান ও এএসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান আজাদসহ একটি দল রাত্রিকালীন ‘হোন্ডা মোবাইল-১’ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই আসামির কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা), গায়ে ইংরেজিতে ‘Special MADE IN USA’ খোদাই করা ১টি বিদেশী পিস্তল এবং ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ‘APACHE 160cc 8V’ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর ও আশেপাশের থানা এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই এবং মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশের সিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা যায়, আসামী এমদাদুল হকের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে (যা চলতি বছরের ২৭ জানুয়ারি দায়ের করা হয়)। অপর আসামী মোঃ জিহাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ২০২১ সালের ৯ মে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

