আইন-আদালত

আড়াইহাজারে রিমান্ডে থাকা ছাত্রলীগ সভাপতির তথ্যে বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলার এজাহারনামীয় আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের (৩১) বসতবাড়ি থেকে ১টি সিলভার রঙের বিদেশী পিস্তল উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর নিজ ঘরের পাশ থেকে খালি ম্যাগজিনসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ খ্রি. বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাঁর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

​রিমান্ডে থাকা অবস্থায় ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রাকিবুল আলমের নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি শফিকুল ইসলাম শরীফ তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

​এরই ধারাবাহিকতায় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সবজেল হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রাকিবুল আলম, এসআই জহিরুল ইসলাম, এসআই আব্দুল বাছেদ, এএসআই নুরুল ইসলাম ও এএসআই মানিক মিয়াসহ পুলিশের একটি সঙ্গীয় দল অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. ভোর ৪:৫৫ ঘটিকায় আসামি শরীফকে সাথে নিয়ে তাঁর কৃষ্ণপুরাসাকিনস্থ বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আসামির দেখানো মতে তাঁর বসতঘরের উত্তর পাশে চিপা জায়গায় বিশেষ কৌশলে লুকানো পলিথিনে মোড়ানো দুটি কাঠের বাটযুক্ত খালি ম্যাগজিনসহ ১টি সিলভার রঙের বিদেশী পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

​অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামি শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯-এ (19 A) ধারায় নতুন করে আরও একটি মামলা রুজু করে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button