সারাদেশ

১২০ কোটি টাকায় নারায়ণগঞ্জে হচ্ছে ১১ তলা শহীদ জিয়া হল কমপ্লেক্স

১২০ কোটি টাকায় নারায়ণগঞ্জে হচ্ছে ১১ তলা শহীদ জিয়া হল কমপ্লেক্স

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ‘শহীদ জিয়া হল’ ভেঙে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে পুনরায় নির্মাণ করা হবে ১১ তলা বিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্স ভবন। নতুন ভবনে আধুনিক সাংস্কৃতিক ও নাগরিক সুবিধার পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, আর্ট গ্যালারি, সেমিনার কক্ষ ও কমিউনিটি সেন্টার।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে নতুন জিয়া হলের স্থাপত্য নকশা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

 

সভায় জানানো হয়, নতুন কমপ্লেক্স ভবনের নিচে থাকবে দুই তলা বেজমেন্ট। সেখানে প্রায় ৫০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের বিভিন্ন তলায় থাকবে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি, কমিউনিটি সেন্টার এবং সাংস্কৃতিক চর্চার জন্য মহড়া কক্ষ।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শহীদ জিয়া হল নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার পর নতুনভাবে এর নির্মাণকাজ শুরু হলে নারায়ণগঞ্জ শহর নতুন রূপ পাবে।

 

অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি শহীদ জিয়া হলের সঙ্গে নারায়ণগঞ্জবাসীর আবেগ, সাংস্কৃতিক চর্চা ও রাজনৈতিক ইতিহাসের সম্পর্কের কথা তুলে ধরেন।

 

এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাসের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে প্রজেক্টরের মাধ্যমে নতুন জিয়া হলের বহুতল ভবনের স্থাপত্য নকশা ও ত্রিমাত্রিক মডেল উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়।

Leave a Reply

Back to top button