সারাদেশ

স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি

স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিবন্দর এলাকার নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

​ সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুক মিয়ার জমজ দুই ছেলে আরিফিন আহমেদ (১৫) ও আশিকিন আহমেদ (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির হোসেন (১৪)। তারা প্রত্যেকেই স্থানীয় মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে জমজ ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন। এই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র শিক্ষার্থীর নাম ফারিস আহমেদ (১২), সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

রোববার সকালে যথারীতি স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় চার বন্ধু। তবে তারা ক্লাসে না গিয়ে ভাটিবন্দর কাঁশবনের পাশের মেঘনা নদীতে গোসল করতে নামে। পানিতে নামার অল্প কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতের টানে তিন বন্ধু নদীর গভীরে তলিয়ে যান। এ সময় চতুর্থ বন্ধু ফারিস আহমেদ কোনোক্রমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় এবং স্থানীয়দের বিষয়টি জানায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর সাড়ে ৩টার দিকে ভাটিবন্দর এলাকার নদী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তিনজনেরই মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

​হৃদয়বিদারক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Back to top button