নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সুন্দর পরিবেশ রক্ষা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৫৫৮)-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ রবিবার (২১ জুন) বিকেল ৩টায় নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। এরপর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয় এলাকা থেকে শহরের মণ্ডলপাড়া প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আহম্মেদ হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদের নির্দেশনায় এবং সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পী চিশতীর নেতৃত্বে এই সন্ত্রাস ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
”টর্চার সেল” দাবির তীব্র প্রতিবাদ
সমাবেশে প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পী চিশতী শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ওঠা “টর্চার সেল” পরিচালনার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন,
“আমাদের বিরুদ্ধে টর্চার সেল থাকার মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমরা জানতে চাই, সেই তথাকথিত টর্চার সেল কোথায় আছে? প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বিষয়টি সঠিক তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।”
বহিরাগতদের কারণে শ্রমিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে
বাপ্পী চিশতী আরও বলেন, সমগ্র বাংলাদেশে তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং সেই ধারাবাহিকতাতেই আজকের এই বিক্ষোভ মিছিল। তিনি অভিযোগ করেন, কিছুদিন ধরে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডে কিছু বহিরাগত এসে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েছে, যা সাধারণ শ্রমিকদের সুনাম ক্ষুণ্ন করছে।
তিনি বলেন, “এই ট্রাক স্ট্যান্ডে বহিরাগতরা ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। অথচ দীর্ঘ নয় মাস ধরে এই প্রতিষ্ঠান শ্রমিকদের স্বার্থে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। হাসান আহম্মেদ, সহিদ ও বাপ্পীর নেতৃত্বে এখানে কোনো আইনবহির্ভূত কার্যক্রম পরিচালিত হয় না। যদি কেউ সংগঠনের নেতাদের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে, তার দায় সংগঠন নেবে না। যারা টর্চার সেলের নামে অপপ্রচার চালাচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে।” প্রয়োজনে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
চালকরা নয়, বহিরাগতরাই মাদকের কারবারি
সংগঠনের সহ-সভাপতি ও দীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চালক মালেক সর্দার বলেন,
“আমি ৪৫ বছর ধরে গাড়ি চালাই। কখনও দেখিনি চালকরা মাদক বিক্রি করে। বিভিন্ন এলাকা থেকে বহিরাগতরা গোপনে এসে এখানে মাদক বিক্রি করে। সাধারণ শ্রমিকরা প্রতিবাদ করলে তারা ছুরি-চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে আসে। আমরা নিরীহ শ্রমিক, তাদের ভয়ে কর্মস্থল শেষে নিরাপদে বাড়ি ফিরতেও কষ্ট হয়। আমরা সম্পূর্ণ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি ট্রাক স্ট্যান্ড চাই।”
উপস্থিত নেতৃবৃন্দ
উক্ত বিক্ষোভ মিছিলে সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক ছাড়াও উপস্থিত ছিলেন:
কার্যকরী সভাপতি: মেহেদী হাসান লিটন
সহ-সভাপতি: মালেক সর্দার, শাহজাহান, সালাউদ্দিন, সহিদুল ইসলাম, লুৎফুর রহমান মন্টু
যুগ্ম সম্পাদক: আল সামাদ
সহ-সাধারণ সম্পাদক: মস্তান প্রধান, খোরশেদ, হারুন, আওলাদ খন্দকার
কোষাধ্যক্ষ: মাহাবুব রহমান (সহ-কোষাধ্যক্ষ: সেন্টু হাওলাদার)
সহ-সাংগঠনিক সম্পাদক: হাফিজ উদ্দিন টিটু, মাসুদ রানা, সাত্তার, কালাম
দপ্তর সম্পাদক: রহমতউল্লাহ রাজিব (সহ-দপ্তর সম্পাদক: রফিক)
প্রচার সম্পাদক: পায়েল হোসেন আকাশ, নাইম
সমাজকল্যাণ সম্পাদক: আতিকুর রহমান সবুজ, ইব্রাহিম
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আনোয়ার মোল্লা, মোক্তার খন্দকার
আইন ও দরকষাকষি সম্পাদক: রবিন খান
সদস্যবৃন্দ: হান্নান, হামিদ, ফয়সাল রাসেল, আকরাম হোসেন, পারভেজ, নিশু প্রমুখ।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

