নারায়ণগঞ্জে আমির হামজার মাহফিলে বাঁধা নেই, রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজার নারায়ণগঞ্জের বন্দরে আগমন ও তাফসির মাহফিলে বক্তব্য প্রদানে কোনো বাঁধা নেই। স্থানীয় আলেম-ওলামাদের আপত্তিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে তাঁর মাহফিলে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রায়হান কবির।
বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, আমরা সকলে ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সকলে এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এ মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম-ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে, সেটা খোলাসা করে সকলের মনের কষ্ট দূর করে দিবেন। আমরা আশা করি, আমির হামজা সাহেবের বক্তব্যে সকল আলেম-ওলামারা খুশি হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাইকে নিয়ে তাঁরা মাহফিল উপভোগ করতে চান। তিনি সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।
সোমবার রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে তাঁর অতীতের কিছু বক্তব্য নিয়ে স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে মাহফিল আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে মাহফিল আয়োজন নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী। তবে বিভিন্ন মহলের নেতিবাচক প্রতিক্রিয়া উপেক্ষা করে মাহফিল সফল করতে দলটির নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খান। সার্বিক সহযোগিতায় থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতের আমীর মুফতি আতিকুর রহমান।
এর আগে মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, “একজন বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিয়ে এলাকার শান্তি বিনষ্ট করবে, এটা আমরা হতে দিতে পারি না। এছাড়া পোস্টারে যাদের নাম ব্যবহার করা হয়েছে, তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।
জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন কাসেমী বলেন, আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। আমির হামজার মতো বিতর্কিত ব্যক্তিকে আমরা বক্তা হিসেবে দেখতে চাই না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে এবং এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।
প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠকের পর আমির হামজার মাহফিলে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ায় বন্দরে সৃষ্ট উত্তেজনা অনেকটাই প্রশমিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর সোমবার রাতের মাহফিলের দিকে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

