সিদ্ধিরগঞ্জে হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ শ্যামল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে সুমিলপাড়ার কালুর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শ্যামল সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ শ্যামলকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শ্যামল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

