অপরাধ

হরিপুর বিদ্যুৎ কেন্দ্র শটগান ডাকাতি মামলার লুট হওয়া দুটি অস্ত্রই উদ্ধার

হরিপুর বিদ্যুৎ কেন্দ্র শটগান ডাকাতি মামলার লুট হওয়া দুটি অস্ত্রই উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হরিপুর ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের আনসার ক্যাম্পের চাঞ্চল্যকর শটগান ডাকাতির মামলায় আরও ১টি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে মামলায় লুট হওয়া মোট দুটি শটগানই উদ্ধার করা হলো।

​২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কে.বি বিদ্যুৎ কেন্দ্রের নদী ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে এ ঘটনা ঘটে। ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫ থেকে ৬ জন সশস্ত্র ডাকাত অতর্কিত হানা দিয়ে ডিউটিরত সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া এবং মো. মনিরুজ্জামান মুন্সীকে ঘিরে ফেলে। পরে রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে ২টি শটগান ডাকাতি করে পালিয়ে যায় ডাকাত দল।

​এ ঘটনায় ১১৫১০ নং প্লাটুনের কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

​মামলার পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) মো. হাসিনুজ্জামান ও ডিবি খ-জোন ইনচার্জ সাজ্জাদ করিম খানের তদারকিতে এসআই (নিঃ) শরীফুল হাসান ও এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালান।

​গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক এই অভিযانের অংশ হিসেবে ২৪ জুলাই রাতে রূপগঞ্জ থানাধীন চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডের জলিলের জমির পাশে ধইনচান ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়।

​এর আগে গত ১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এ মামলার সঙ্গে জড়িত ১ জন আসামিকে গ্রেফতারসহ প্রথম শটগানটি উদ্ধার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই উদ্ধারের মাধ্যমে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ডাকাতি হওয়া মোট দুটি শটগানই সফলভাবে উদ্ধার করা হলো।

Leave a Reply

Back to top button