সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ২ আসামি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (০১ জুন, ২০২৬) দিবাগত রাত ২:০০টা থেকে সাড়ে ৩:টার মধ্যে পৃথক দুটি অভিযান চালিয়ে নিজ নিজ বাসস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সানারপাড় (৩নং ওয়ার্ড) এলাকার মোঃ মাসুদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া (৮নং ওয়ার্ড) এলাকার মৃত আঃ রব বেপারীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে চালানো এই বিশেষ অভিযানে দুই আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা সম্ভব হয়।
আসামিদের মামলার বিবরণ:
সাইফুল ইসলাম রাহুল (২৭): তিনি গত ২৩ আগস্ট, ২০২৪ তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৮) ১৯ নম্বর এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।
মোঃ মিজানুর রহমান (৪৫): তিনি গত ১৫ নভেম্বর, ২০২৪ তারিখে দায়েরকৃত অপর একটি বৈষম্যবিরোধী মামলার (এফআইআর নং-১৫) ৪৩ নম্বর এজাহারনামীয় আসামি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

