নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সক্রিয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০১ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে শহরের সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ শাহিন (৪৩), পিতা-মোঃ আলী আকবর, সাং-পুরাতন সৈয়দপুর।
মোঃ বিল্লাল হোসেন (৩৮), পিতা-মৃত সামাদ মিয়া, সাং-পুরাতন সৈয়দপুর।
মোঃ আমির হোসেন (৪১), পিতা-মৃত নূর হোসেন, সাং-পুরান সৈয়দপুর।
মোঃ সম্রাট (৪০), পিতা-মোঃ মনির হোসেন, বর্তমান বাসিন্দা-সৈয়দপুর কড়ইতলা (কামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া)।
পুলিশ সূত্র জানায়: গ্রেফতারকৃত ব্যক্তিরা গত ২২ মে, ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার (মামলা নং-৩৯, ধারা-৮/৯(৩)/১০/১১/১২/১৩) সন্দিগ্ধ আসামি ছিলেন।
জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার নিয়ে মিছিল বের করে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে, এস আই (নিঃ) শহীদুল ইসলাম এবং এস আই (নিঃ) মোঃ রমজানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গভীর রাতে সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

