নারায়ণগঞ্জে ১১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ১১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শাহিন (২৭), মো. মেহেদী হাসান (২১) এবং মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)। এদের মধ্যে রফিকুল ইসলাম বাবুর বাড়ির উঠান থেকেই তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ মো নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল গোদনাইল নয়াপাড়া সাকিনস্থ রফিকুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদক ও যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই ধরনের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

