নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৭১ জন গ্রেফতার, মাদক ও দেশীয় মদ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার যৌথ ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০ লিটার চোলাই মদ।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের মাধ্যমে এ সমন্বিত অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রের তথ্যমতে, জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ২৮ জন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১৩ জন, ছিনতাইকারী ৯ জন, নিয়মিত মামলার আসামি ৬ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা: সবচেয়ে বেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয় সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।
বন্দর থানা: ২০৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী ও অন্যান্য অপরাধে ১ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁও থানা: অভিযানে ৭২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী, ৩ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য এবং অন্যান্য ধারায় ৩ জনসহ সর্বমোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানা: ৬ জন ছিনতাইকারী, ৪ জন নিয়মিত মামলার আসামি, ১ জন ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে ১ জনসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা: ২ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত, ১ জন নিয়মিত মামলার আসামি এবং ১ জন অন্যান্য ধারায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা: পরোয়ানাভুক্ত ৬ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানা: ৩ জন মাদকসেবী ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়।

