শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব: নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

অত্যন্ত জাঁকজমকপূর্ণ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজা মণ্ডপে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় প্রতিটি থানা এলাকায় নিচ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারদের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট অফিসার ইনচার্জদের (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহলে রয়েছে। এর ফলে হিন্দু ধর্মাবলম্বীসহ সব ধর্মের দর্শনার্থীরা মধ্যরাতেও নিশ্চিন্তে ও নির্বিঘ্নে বিভিন্ন পূজা মণ্ডপ দর্শন করছেন।
শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম। তিনি বন্দর থানাধীন বিখ্যাত ১নং ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক, সংশ্লিষ্ট থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা জেলার এই সুদৃঢ় আইনশৃঙ্খলা ব্যবস্থা ও সার্বিক সহযোগিতার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

