আইন-আদালতসারাদেশ

রনিসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রনিসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসা (ওয়েস্টিজ মালামাল) নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন গুলিবিদ্ধ যুবক রাকিবুল হাসান রাকিবের বাবা ও বিএনপি নেতা মো. হোসেন খোকা।

মামলায় নামধারী ১২ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট ও হামলা

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত একটি গার্মেন্টসের ঝুট নামানো নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল সকালে ওই গার্মেন্টসের সামনে দুই পক্ষ জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ করা হয়েছে যে, সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা আগ্নেয়াস্ত্র, চাপাতি, রামদা, লোহার রড ও ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গুলিবিদ্ধ ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

বাবার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তার ছেলে রাকিবুল হাসান রাকিব (২৩)। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার বুকের ডান পাশে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এই সংঘর্ষের সময় ইমরান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রও গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের তালিকা

মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

সারজিল আহম্মেদ অভি (৩০), আব্দুল হামিদ প্রধান (৫২), মো. আব্দুস সালাম (৪০), আকাশ (২৮), সুমন মোল্লা রকেট (৪৩), খায়রুল কবির জসিম (৫৫), মো. ইয়াসিন (২৮), মশিউর রহমান রনি (৩৫), মো. আলী রতন (৩৮), মো. মুরাদ হাসান (৩৮), আদনান আজিজ প্রাপ্ত (৩২) ও পল্লব (৪৫)

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, একপক্ষ মামলা করেছে এবং অপর পক্ষও অভিযোগ দায়ের করেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একইসঙ্গে অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Back to top button