পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি।

বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী এবং তার স্ত্রী নাজমা আরা বারী সামান্য আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। বহরটি মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের কৃষিজমিতে (ধানক্ষেতে) নেমে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং একজন বডিগার্ডকে উদ্ধার করা হয়। প্রথমে তাদের কালাইয়ে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, গাড়িটির নিচে পড়ে আহত হওয়া পথচারী নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ফিরোজা বেগম (৫৫), তিনি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
ওসি শাহীনুজ্জামান জানান, চালকের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত পথচারী নারীকেও হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

