ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, একাধিক মামলা রয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি অবৈধ গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসমা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নয়াপুর গ্রামের মৃত আবু কালামের মেয়ে ও ইলিয়াসের স্ত্রী। তার বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

