আইন-আদালতরাজনীতি

‘কীভাবে ফ্যাক্টরি চালান, দেখে নেব’ চাঁদা না পেয়ে যুবদল নেতার হুমকি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না পেয়ে একটি শিল্পপ্রতিষ্ঠানের গেটে লাথি মারা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা হিসেবে পরিচিত জিপু খানের বিরুদ্ধে। শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ এ অভিযোগ করেছেন। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

ভুক্তভোগী সাইফুল্লাহর অভিযোগ, গত ২০ অক্টোবর চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে জিপু খান কারখানার গেটে লাথি মারেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় কারখানা পরিচালনা নিয়ে হুমকিমূলক বক্তব্যও দেন তিনি।

 

সাইফুল্লাহর দাবি, কারখানার কর্মচারী সাইফুলের মাধ্যমে প্রতিষ্ঠানের এক পরিচালককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযুক্ত জিপু খান বলেন, ‘কীভাবে ফ্যাক্টরি চালান, তা দেখে নেব।’ এতে কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তিনি।

 

অভিযোগকারী আরও জানান, শিল্পপ্রতিষ্ঠানে এ ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রতিকার চেয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।

 

অভিযুক্ত জিপু খান বন্দরের নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মালেক মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মাহদী জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবসময় চাঁদাবাজদের বিপক্ষে। চাঁদাবাজদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বন্দর থানায় একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

Leave a Reply

Back to top button