আইন-আদালত

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তার কাছে বিনামূল্যে তেল দাবি ও হুমকি, মামলাসহ আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তার কাছে বিনামূল্যে তেল দাবি ও হুমকি, মামলাসহ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​গ্রেফতারকৃত আসামির নাম রাশেদ আহম্মেদ (৫৪)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার এসও রোড, মন্ডলপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাশেদ আহম্মেদ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের কাছে সংসদ সদস্যের পিএস-এর ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি জানান। প্রতি লিটার ১৪৫ টাকা দরে এই ৫০০ লিটার অকটেনের মোট মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। ডিপো কর্মকর্তা এই তেল বিনামূল্যে দিতে অপারগতা প্রকাশ করলে রাশেদ আহম্মেদ বিভিন্ন সময়ে তাকে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

​এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর ১টা ৩০ মিনিটে গোদনাইলস্থ মেঘনা ডিপোতে ওই কর্মকর্তা নিজের অফিস কক্ষে অবস্থানকালে আসামি অনধিকার প্রবেশ করে পুনরায় বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দেওয়ার চাপ দেন। তেল প্রদানে অস্বীকৃতি জানালে আসামি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন এবং চাকরিচ্যুত করার ভয় দেখান। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ টিম ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সন্ধ্যা সাড়ে ৭টায় এসও রোড, মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাশেদ আহম্মেদকে গ্রেফতার করে।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button