ডেমরায় পিস্তল ও গুলিসহ ২৬ মামলার আসামি গ্রেফতার
ডেমরায় পিস্তল ও গুলিসহ ২৬ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সবুজ ওরফে কালাই সবুজ (২৬) নামের এক শীর্ষস্থানীয় অপরাধীকে গ্রেফতার করেছে। গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুরে ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে আভিযানিক দলটি ঢাকা ডিএমপি’র ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকার কুয়েতি মসজিদসংলগ্ন ‘নাহার ভিলা’ নামক ভবনে অভিযান চালায়।
অভিযানকালে উক্ত ভবনের দ্বিতীয় তলায় ধৃত আসামি সবুজের ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করা হয়। এ সময় তার বিছানা বা ঘরের ভেতর থেকে ইংরেজিতে “WALTHER” লেখা একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি সাধারণ কোনো অপরাধী নয়; তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা, দুটি জিআর ওয়ারেন্ট (নরমাল) এবং একটি জিআর মামলায় যাবজ্জীবন সাজা ওয়ারেন্ট রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

