শীতলক্ষ্যায় সেতু নির্মাণ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আবুল কালামের
শীতলক্ষ্যায় সেতু নির্মাণ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আবুল কালামের

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ খেয়াঘাট ও নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনটি শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড় নিয়ে গঠিত। শহরের মূল অংশ পশ্চিম পাড়ে হওয়ায় পূর্ব পাড়ের মানুষকে প্রতিদিন নদী পার হয়ে শহর ও ঢাকায় যাতায়াত করতে হয়।
তিনি আরও বলেন, পাঁচটি খেয়াঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক লক্ষাধিক মানুষ যাতায়াত করে, যেখানে প্রাকৃতিক দুর্যোগসহ নানা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে।
এমপি আবুল কালাম বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর হাজীগঞ্জ খেয়াঘাট এলাকায় সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করেন এবং ২০০৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি অভিযোগ করেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাস্তবায়ন না করে স্থগিত রাখে। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
