Uncategorizedজাতীয়

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী

  • সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর জেলায় মোট ৩৩ হাজার ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

 

এবার নারায়ণগঞ্জের ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৯৪৪ জন, ৪টি কেন্দ্রে মাদ্রাসার ৩ হাজার ৩৬৮ জন এবং ৬টি কেন্দ্রে কারিগরি বিভাগের ১ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশ নেবে।

 

এসএসসি পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা বিদ্যমান ক্যামেরা সচল রাখতে হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া প্রতিটি কক্ষে সিগন্যাল জ্যামারের কভারেজ রাখতে হবে, যাতে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা না যায়। পরীক্ষা চলাকালে শিক্ষক-পর্যবেক্ষক কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

 

কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করা যায়।

 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখছি। আশা করছি, শিক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”

Leave a Reply

Back to top button