
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র, মিছিল ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ০৮:১৫ ঘটিকার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বেশ কিছু সদস্য গোপন শলাপরামর্শ করে। তারা জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনপূর্বক নিষিদ্ধ সত্তাগুলোকে গতিশীল করার উদ্দেশ্যে বর্তমান বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাত এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।
তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডস্থ মাদানীনগর আল আমিন গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের ওপর সরকার বিরোধী কর্মকাণ্ড ও মিছিল-স্লোগান দেওয়ার জন্য একত্রিত হয়েছিল। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ বাদী হয়ে এজাহার দাখিল করেন। এর প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৯/১০/১১/১২ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে।
১. মাসুদ মিয়া (২৮), পিতা- আসাব উদ্দিন, সাং- নিমাই কাশারী, মাদানীনগর, ০৩ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। গত ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ১১:১৫ ঘটিকায় নিমাইকাশাড়ী মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২. রাহুল (২৫), পিতা- মাসুম, সাং- নূরবাগ, ০৩ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ (যুগ্ম সম্পাদক, ০৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ)। গত ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় বাগমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

