বিবিধ

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

​‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি। আজ রবিবার (১৯ জুলাই) এক বর্ণাঢ্য পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির নতুন কার্যকরী কমিটি আত্মপ্রকাশ করেছে।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সভাপতিত্ব করেন। সভায় মহানগরীকে নিরাপদ রাখার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মাসুদ রানা। কমিটির গঠন সম্পর্কে জানানো হয় যে, এই ৩১ সদস্যের মধ্যে ২১ জন কার্যকরী কমিটির সদস্য এবং ১০ জন উপদেষ্টামণ্ডলীর সদস্য রয়েছেন।

সভায় বক্তারা নারায়ণগঞ্জ মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। কমিটির পক্ষ থেকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং ডাকাতি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশকে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করার জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “কমিউনিটি পুলিশিং ব্যবস্থা কার্যকর হলে অপরাধ অনেকাংশে কমে আসে। জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমেই অপরাধীদের নির্মূল করা সম্ভব।”

​অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে মহানগরীকে একটি শান্তিময় ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Leave a Reply

Back to top button