অপরাধ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজি: ৪ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজি: ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘মালঞ্চ পরিবহনে’ হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও চাঁদাবাজির অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মালামাল ও অপরাধে জড়িত থাকার তথ্য উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৬ তারিখ সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ‘মালঞ্চ পরিবহনের’ একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩৫৮১) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় ইউটার্নে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেল দিয়ে রাস্তা অবরুদ্ধ করে বাসটি থামায়। এ সময় বাসচালক আমিনুল ইসলাম ও হেলপার নজরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৯,৫০০ নগদ টাকা, একটি স্পেয়ার চাকা (মূল্য প্রায় ২৮,০০০ টাকা), গাড়ির কাগজপত্র ও একটি টেকনো স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।

​পরবর্তীতে গত ২৯ মে চাঁদাবাজরা কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশ নম্বরের মাধ্যমে আরও ৬,০০০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত চাঁদাবাজি মামলা দায়ের করেন।

​মামলার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের ক-জোন ইনচার্জ জনাব নজরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গত ২২ জুলাই ২০২৬ খ্রিটাব্দে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন।

১. মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০)—স্থায়ী ঠিকানা: চালনা, পলাশ, নরসিংদী; বর্তমান ঠিকানা: মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। (তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে)।

২. মো. সেন্টু (৪০)—স্থায়ী ঠিকানা: কিল্লারপুল, নারায়ণগঞ্জ। (তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে)।

৩. মো. রবিন (৩৫)—স্থায়ী ঠিকানা: কাজীপাড়া, বরাবো, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। (তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে)।

৪. মো. ইউসুফ (২৬)—স্থায়ী ঠিকানা: ১নং ওয়ার্ড কালীবাড়ি, আমতলী পৌরসভা, বরগুনা; বর্তমান ঠিকানা: সিআই খোলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। (তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে ২টি মামলা বিচারাধীন রয়েছে)।

​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাসহ আশপাশের মহাসড়কে বিভিন্ন পরিবহনে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে।

Leave a Reply

Back to top button