নারায়ণগঞ্জে ১৫০০ পিস ইয়াবা সহ টেকনাফের মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে ১৫০০ পিস ইয়াবা সহ টেকনাফের মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫০ গ্রাম।
শুক্রবার (৫ জুন) রাত পৌনে ১০টার সময় ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিল মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার মকবুল আহম্মদের ছেলে।
ডিবি পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের পাশাপাশি যেকোনো ধরণের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার এই অভিযান অব্যাহত থাকবে।

