নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ মামলার ‘ডাকাত সর্দার’ চোক্কা খোকনসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার চোক্কা খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও ছুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুখ্যাত ডাকাত সর্দার চোক্কা খোকন (৩৬), পিতা- আব্দুল লতিফ, সাং- সোনাচড়া; মোঃ পারভেজ (২৮), পিতা- ফয়েজ আহম্মেদ এবং মোঃ মঞ্জুর (৫০), পিতা- মৃত সৈয়দ আলী; উভয় সাং- রামনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান, এসআই আব্দুল আলিম, এসআই মামুন ইসলাম ও এসআই ইয়াসিন আরাফাতসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান সফল করেন।
অভিযানকালে ধৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
১. একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা
২. একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি
৩. একটি লোহার তৈরি চাপাতি
৪. একটি কালো কসটেপ দিয়ে পেঁচানো ছুরি
৫. দুটি হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং
৬. একটি লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে এসব দেশীয় অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রধান অভিযুক্ত চোক্কা খোকনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে এবং তাঁর বিরুদ্ধে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া মোঃ পারভেজের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা ও ১টি পরোয়ানা এবং মোঃ মঞ্জুরের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় বন্দর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

