সোনারগাঁওয়ের পানাম ফুড পার্কে ডিবি পরিচয়ে প্রতারণা: আটক ২
সোনারগাঁওয়ের পানাম ফুড পার্কে ডিবি পরিচয়ে প্রতারণা: আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর পরিচয় দিয়ে প্রতারণার দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘পানাম ফুড পার্ক’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের সখিপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁওয়ের নানাখি এলাকার মো. মোস্তফা মোল্লার ছেলে আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তত্ত্বাবধানে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে পানাম ফুড পার্কে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, “আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এলাকায় এ ধরনের ভুয়া পরিচয়ধারী প্রতারকদের দৌরাত্ম্য বন্ধে পুলিশি নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।

