অপরাধ

ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী আটক

ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

​দুপুর ১২টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাইসদার ও গলাচিপা এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনাকালে ইয়াবা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন:

​১. মোঃ ওয়াহিদুজ্জামান অনিক (৩৫): ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

২. মো: রাব্বি (১৮): ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

৩. মোহাম্মদ সামিউল (১৮): ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ প্রদান করেন। এছাড়া অভিযান চলাকালে উদ্ধারকৃত ৪০০ গ্রাম গাঁজা ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

​পাশাপাশি, একই অভিযানে আরও ২ জনকে আটক করা হয়। তারা হলেন আব্দুস সালাম (৩২) এবং সাদ্দাম (১৫)। তাদেরকে ফতুল্লা থানা হেফাজতে রাখা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই সফল অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ শামীম হোসাইন মহোদয়সহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এবং পুলিশ লাইন্স থেকে আগত পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

​অভিযান শেষে দায়িত্বরত কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গড়তে ফতুল্লা মডেল থানা পুলিশের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button