নারায়ণগঞ্জ পুলিশে বড় সাফল্য: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণ ও শটগান
নারায়ণগঞ্জ পুলিশে বড় সাফল্য: ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণ ও শটগান

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর দুটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপান প্রবাসী এক পরিবারের বহনকারী গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে।
অন্যদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যদের জিম্মি করে দুটি শটগান লুট করে ডাকাত দল। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এই ঘটনায় রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’-কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত একটি শটগান উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে জেলা পুলিশ এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

