অপরাধ

নারায়ণগঞ্জে ১৩০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে ১৩০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ মো: নুরুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া থেকে কাঞ্চনগামী সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের নিকটবর্তী শীতলক্ষ্যা নদীতে ভাসমান একটি জাহাজে এই অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃত নুরুল ইসলাম ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ এলাকার মৃত নুর নবীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ডিবি (গ-জোন) ইনচার্জ ইন্সপেক্টর জনাব আব্দুল মান্নানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। তারা গোপন সংবাদের ভিত্তিতে ‘এম ভি এন ডি ই-১৯’ নামক জাহাজটিতে তল্লাশি চালিয়ে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি দীর্ঘদিন ধরে কৌশলে নদীপথ ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

​এ ঘটনায় গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Back to top button