
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার উত্তরপাড়া ঝর্ণা মহল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: নাজমুল হোসেন (৩০) ও মো. নিহাল (২১), উভয় পিতা নবী হোসেন; মো. সাজ্জাদ (২০), পিতা আব্দুর রহিম এবং সফিকুল (২৪), পিতা শহিদুল ইসলাম। তাদের সবার বাড়ি রূপগঞ্জ থানার তারাবো এলাকায়।
পুলিশ জানায়, জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন চারজনকে আটক করার পর তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

