নারায়ণগঞ্জ সদরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ১
নারায়ণগঞ্জ সদরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ১

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে ৩ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু ও ১টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরও এক অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শুক্রবার (৫ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন আমলাপাড়াস্থ এসকে ব্যানার্জী রোড মসজিদ মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো: ১. মেহেদী (২২): পিতা- মো: সাইদুল, মাতা- মিনা খাতুন। বর্তমান ঠিকানা: দেওভোগ নাগবাড়ি, ফতুল্লা। স্থায়ী ঠিকানা: পটুয়াখালী সদর।
২. পায়েল (২৩): পিতা- সাইফুল ইসলাম, মাতা- পুতুল। স্থায়ী ঠিকানা: কলেজ রোড, নারায়ণগঞ্জ সদর।
৩. মো: সৌরভ (২৫): পিতা- মো: সেলিম, মাতা- শিরিন বেগম। স্থায়ী ঠিকানা: দেওভোগ নাগবাড়ি, ফতুল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে ছিনতাইকারী ও অপরাধী দমনে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে চাষাড়া এলাকায় অবস্থানরত পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আমলাপাড়ার এসকে ব্যানার্জী রোডস্থ লিটনের মুদি দোকানের সামনে একদল অপরাধী দস্যুতার উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিক সেখানে হানা দিলে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করলেও একজন অন্ধকারে দৌঁড়ে পালিয়ে যায়।
গ্রেফতারের পর আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়:
আসামী মেহেদীর ডান হাত থেকে ০১টি স্টিলের তৈরি সুইচ গিয়ার।
আসামী পায়েলের ডান হাত থেকে ০১টি প্লাস্টিকের বাট যুক্ত চাকু।
আসামী মো: সৌরভের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় বেল্টের সাথে আটকানো আর্মি রঙের কভারের ভেতর থেকে ০১টি কালো রঙের চাকু।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার অপরাধী এবং তাদের সুনির্দিষ্ট কোনো স্থায়ী কর্ম বা ঠিকানা নেই। তারা দীর্ঘদিন ধরে দলবদ্ধভাবে ওই এলাকা দিয়ে যাতায়াতকারী পথচারী, রিকশা, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের আরোহীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করত। ক্ষেত্রবিশেষে অস্ত্র দিয়ে গুরুতর জখম করে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুটে নিত। তারা আমলাপাড়া ছাড়াও শহরের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পূর্বের একাধিক মামলা রয়েছে। বর্তমান ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এই চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

