অপরাধ

নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০৫০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলা জুড়ে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থান থেকে ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর দিক-নির্দেশনায় এবং ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবির একাধিক দল এই অভিযান পরিচালনা করে।

​প্রথম অভিযানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি’র “ক” জোনের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারীরা হলো— বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত সিরাজুল হোসেনের ছেলে গোলাম রাব্বি (২৮), একই এলাকার মোঃ বকুল হোসেনের ছেলে মোঃ ইয়ন (২২) এবং কদমরসুল এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে শিপন (২৪)।

​অপর এক পৃথক অভিযানে ডিবির দলটি ফতুল্লা থানাধীন চাষাড়া রেল ক্রসিং সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গাঁজা কারবারীর নাম দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪)। সে ফতুল্লা থানার মাওরা পট্টি এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

​মাদক উদ্ধারের এসব ঘটনায় সংশ্লিষ্ট বন্দর ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Back to top button