আইন-আদালত

জিরো অপ্রীতিকর ঘটনা: নারায়ণগঞ্জে নির্বিঘ্নে দেবী বিদায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

শুভ বিজয়া দশমীতে দেবীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানোর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। ২১ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৫ নম্বর ঘাটে সর্বশেষ প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছরের পূজা আনুষ্ঠানিক রূপ নেয়।

​জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, এ বছর নারায়ণগঞ্জে মোট ২৪০টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে প্রথম ধাপে ২১৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। বাকি থাকা মণ্ডপগুলোর মধ্যে ২৫টি পূজা মণ্ডপের প্রতিমা এ বছর বিসর্জন দেওয়া হবে না এবং ১টি পূজা মণ্ডপের প্রতিমা নির্ধারিত পরবর্তী দিনে বিসর্জন দেওয়া হবে।

​বিসর্জন না হওয়া ২৫টি মণ্ডপের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২টি (মোট ৪৩টি), ফতুল্লা মডেল থানাধীন ৫টি (মোট ২৯টি), রূপগঞ্জ থানাধীন ৯টি (মোট ৫৭টি), আড়াইহাজার থানাধীন ১টি (মোট ৩৭টি) এবং সোনারগাঁও থানাধীন ৮টি (মোট ৩৮টি) পূজা মণ্ডপ রয়েছে।

​বিসর্জন অনুষ্ঠান কেন্দ্র করে পুরো ঘাট এলাকা ও আশপাশের অঞ্চলজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘাটে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম), মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

​আইনশৃঙ্খলা পরিস্থিতির সুসংহত উপস্থিতির কারণে পুরো পূজা এবং বিসর্জন প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পূজা মণ্ডপগুলোতে কিংবা বিসর্জনস্থলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দর্শনার্থী নারী, শিশু ও জ্যেষ্ঠ নাগরিকরা কোনো প্রকার হয়রানি বা নির্যাতনের শিকার না হয়ে স্বাচ্ছন্দ্যে উৎসবের আনন্দ উপভোগ করেছেন।

​প্রতিমা বিসর্জন কার্যক্রমকে সফল ও সুশৃঙ্খল করতে শুরু থেকেই ঘাটে ও এর আশপাশে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ। এছাড়া জেলা পুলিশ, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত কুইক রেসপন্স টিম (QRT) সার্বক্ষণিক দায়িত্ব পালন করে নির্বিঘ্নে উৎসব সমাপ্তিতে বিশেষ ভূমিকা রাখে।

Leave a Reply

Back to top button