সারাদেশ

নারায়ণগঞ্জে পার্ক দখল করে দীর্ঘদিনের অবৈধ মেলা: ব্যাহত হচ্ছে শিশু ও সাধারণ মানুষের বিনোদন

নারায়ণগঞ্জে পার্ক দখল করে দীর্ঘদিনের অবৈধ মেলা: ব্যাহত হচ্ছে শিশু ও সাধারণ মানুষের বিনোদন

নারায়ণগঞ্জ সিটি পার্ক, জিমখানা ও জল্লারপাড় পার্কসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেলা বসানোর অভিযোগ উঠেছে। এক সময়ের শিশুদের খেলাধুলা, বয়স্কদের হাঁটাচলা এবং সাধারণ মানুষের নির্মল বিনোদনের এই স্থানগুলো এখন কার্যত মেলা কর্তৃপক্ষের দখলে চলে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা চলার কারণে সংলগ্ন এলাকার পরিবেশ বিপন্ন হচ্ছে। বিশেষ করে কাছাকাছি থাকা মাদ্রাসা ও স্কুলের কোমলমতি শিশুরা মেলার জটলার কারণে আগের মতো খেলাধুলা করার সুযোগ পাচ্ছে না। অন্যদিকে, প্রতিদিন সকালে ও বিকেলে যেসব বয়স্ক মানুষ ও নারীরা এখানে মুক্ত বাতাসে হাঁটাচলা (ওয়াকিং) করতেন, মেলা ও বহিরাগতদের উপচে পড়া ভিড়ের কারণে তাঁরা এখন চরম অস্বস্তিতে পড়েছেন। স্বাভাবিক চলাচলের পরিবেশ নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

‎​স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পার্ক তৈরি করা হয়েছে মানুষের একটু স্বস্তির জন্য। কিন্তু এখানে দিনের পর দিন যেভাবে মেলা বসিয়ে চারপাশ আটকে রাখা হয়েছে, তাতে আমাদের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা অবশিষ্ট নেই। শিশুদের নিয়ে বের হওয়ার পরিবেশও এখন আর নেই।”

‎​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ মেলা চললেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ বা উচ্ছেদ অভিযান দেখা যায়নি। কর্তৃপক্ষের এই নীরবতা নিয়ে এলাকার সচেতন নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

‎​এলাকাবাসীর দাবি, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত এই বিষয়টি তদন্ত করা হোক। পার্ক এবং পার্কসংলগ্ন সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত জায়গাগুলো যেন অবিলম্বে মেলামুক্ত ও উন্মুক্ত করা হয়, সে ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন একজন সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Back to top button