নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা
নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা দ্রুততর করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইউনিয়ন পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নাগরিক সেবা সহজীকরণ এবং আইনি জটিলতা পরিহারের লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়েজ উদ্দিন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়েই ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা সম্ভব, যা আদালতের ওপর চাপ কমানোর পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত ন্যায়বিচার পাইয়ে দিতে সহায়তা করে।
জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভবিষ্যতে জটিলতা এড়াতে সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার কোনো বিকল্প নেই। এ বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে হবে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, গ্রাম আদালতের সংশ্লিষ্ট সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

