
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় কোরবানির পশুর হাটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। শুরুতে ২২টি হাটের জন্য দরপত্র আহ্বান করলেও পরে আরো পাঁটটি বাড়ানো হয়েছে। ফলে, নাসিকের আওতাধীন সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে সাতাশটি অস্থায়ী হাটের ইজারা দেওয়ার প্রস্তুতি নিয়েছে নগর কর্তৃপক্ষ।
গত রোববার (১০ এপ্রিল) নতুন করে পাঁচটি হাটের ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বানে বিজ্ঞপ্তি জারি করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এর আগে ৭ মে আরও একটি বিজ্ঞপ্তিতে ২২টি হাটের তালিকা প্রকাশ করে নাসিক।
তবে, এবারও জনভোগান্তি ও যানজট এড়াতে শহরের মূল কেন্দ্র বা ভেতরের অংশে কোনো পশুর হাট না বসানোর সিদ্ধান্তে রয়েছে নগর কর্তৃপক্ষ।
এবারের ইজারা তালিকায় সর্বোচ্চ কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে ২৮ লাখ টাকা যা ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ির একটি হাটের জন্য। এছাড়া তালিকার সর্বনিম্ন দরপত্র মূল্য ধরা হয়েছে আড়াই লাখ টাকা।
নতুন যুক্ত হওয়া পাঁচ হাট বসবে ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারীর মো. আব্দুল মতিন মাস্টার সাহেবের খালি জায়গা, ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশে মুকুল হুদা সাহেবের খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের সাইলো রোড সংলগ্ন মেসার্স চাঁদ কনস্ট্রাকশন’র খালি জায়গা, ৮ নম্বর ওয়ার্ডের হালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা ও ১৮ নম্বর ওয়ার্ডের কড়ইতলায় আলমাস সাহেবের বাড়ির পূর্ব পাশে কাউসার আহম্মেদ’র খালি জায়গা।
এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় লিপি গার্মেন্টস সংলগ্ন মৌলভী ফজলুর রহমানের খালি জায়গা, একই ওয়ার্ডের মৌচাক মাদানী নগর বালুর মাঠ, ৪ নম্বর ওয়ার্ডের টাইগার ওয়্যার রি-রোলিং মিলের মাঠ, ৫ নম্বর ওয়ার্ডের বটতলা বাদশা মিয়ার মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিন সাহেবের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সিটির ১ নম্বর মাঠ, ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলসের খালি মাঠ, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দক্ষিণ পাড়া মুক্তিযোদ্ধা আলহাজ্ব মান্নান সাহেব নতুন রোড সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া রাসেল সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন খেলার মাঠ, ১৮ নম্বর ওয়ার্ডের ডিয়ারার মাঠ, ১৯ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা, একই ওয়ার্ডের পাওয়ার হাউজ সংলগ্ন খালি জায়গা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, একই ওয়ার্ডের ফরাজীকান্দা উত্তরপাড়া বালুরমাঠ, ২২ নম্বর ওয়ার্ডের জহির কাজীর খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের কদমরসুল ডিগ্রী কলেজের পশ্চিম পাশের সিটি কর্পোরেশনের মালিকানাধীন খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জের গুদারাঘাট সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের আলতাফ সাহেবের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা ও ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আলহাজ্ব মোতালেব সাহেবের বালুর মাঠে ২২টি অস্থায়ী পশুর হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ২২টি হাটের জন্য দরপত্র বিক্রয় শুরু হয়েছে সোমবার (১১ মে)। এ ধাপের দরপত্র বিক্রি চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত। পরের ধাপের পাঁচটি হাটের জন্য আগ্রহীরা ১৮ ও ১৯ মে দরপত্র ক্রয় করতে পারবেন।
প্রথম ধাপের দরপত্র জমা দেবার তারিখ ১৩ মে এবং দ্বিতীয় ধাপে ২০ মে দরপত্র জমা পড়বে। দরপত্র জমার দিনই তা উন্মুক্ত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে, অস্থায়ী এসব হাটের যারা ইজারা পাবেন তারা ঈদের আগে তিনদিন হাটে পশু তুলে তা বিক্রি করতে পারবেন।

