নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা সম্পন্ন: জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা
নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা সম্পন্ন: জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উৎসবের এই দিনে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুদের ঢল নামে নগরীর সড়কগুলোতে। ‘জগন্নাথ দেবের জয়’, ‘হরেকৃষ্ণ’ নামসংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাদ্য-বাজনা আর আনন্দঘন পরিবেশে রথগুলো নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দীর্ঘ পথ পরিক্রমা শেষে রথগুলো আবার নিজ নিজ মন্দিরে ফিরে আসে।
রথযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রতিটি রথযাত্রার রুট জুড়ে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ সদস্য। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজক কমিটির সদস্যরা জানান, জেলা পুলিশের সার্বিক সহায়তায় এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই হাজার হাজার ভক্ত নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পেরেছেন।
পরিশেষে, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে রথযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভক্তবৃন্দ ও নগরবাসী।

