দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: নারায়ণগঞ্জে আইজিপি
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চমৎকার সুসমন্বয়ের ফলেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।”
পূজা ঘিরে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান বলেন, “দুর্গাপূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। পুলিশ তাদের বিষয়ে সম্পূর্ণ সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সকল চক্রান্ত ও অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের নীতি “জিরো টলারেন্স”। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এসময় সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দিন। তথ্য পেলে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, “গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে।” আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পূর্ণ সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইন মান্যকারী হতে হবে।
রামকৃষ্ণ মিশন ছাড়াও আইজিপি পরবর্তীতে আমলাপাড়াসহ শহরের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আইজিপির সাথে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

