সারাদেশ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে জন্মাষ্টমী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঘোড়ার গাড়ি, সাউন্ড সিস্টেম ও সনাতন ধর্মীয় বিভিন্ন সাজসজ্জায় অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেন।

‎শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে বর্ণাঢ্য এ আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

‎নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজি মহারাজ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শামীম হোসাইন।

‎সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষকান্তি সাহা, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা ও অমল পোদ্দার, বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস কর্মকার, বাসুদেব চক্রবর্তী এবং নিতাইগঞ্জ বলদেব জিউস আখড়া মন্দিরের সভাপতি জে. কে. রায় চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস।

Leave a Reply

Back to top button