অপরাধ

নারায়ণগঞ্জে ভুয়া ডিজিএফআই পরিচয়ে তিন প্রতারক আটক, ওয়াকিটকি ও ভুয়া আইডি কার্ড উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজেদের ডিজিএফআই (ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র ও যোগাযোগে ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। একপর্যায়ে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

​পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।

১. রায়হান মাহাবুব আলম (৩৬), পিতা: নুরুল ইসলাম, গ্রাম: বজর, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট।

২. মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০), পিতা: মৃত দুলাল গাজী, এলাকা: সানারপাড় রহিম মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩. নাসির হোসেন (৩৫), পিতা: আ. ছালাম হোসেন, এলাকা: ভূইঘর পূর্বপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

​ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে নানা অপকর্মের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Back to top button