রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও ১ বোতল উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও ১ বোতল উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ মো. পনির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফোরস্টার ডক সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আলিমুজ্জামান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বগ্রাম এলাকায় চেকপোস্ট ও তল্লাশি চলাকালে মো. পনির হোসেনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ ও ১ বোতল উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত পনির হোসেন খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

