অপরাধ

বন্দরে সিফাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তন্ময়সহ ১০ জন গ্রেপ্তার

বন্দরে সিফাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তন্ময়সহ ১০ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং সন্দেহভাজন অপরাধীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসী সিফাত বাহিনীর কথিত ‘সেকেন্ড ইন কমান্ড’ তন্ময়ও রয়েছেন।

 

পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নবীগঞ্জ কদম রসুল বড়বাড়ি এলাকার হানিফ ওরফে ডালিম মিয়ার ছেলে তন্ময় (২২), বন্দর স্কুলঘাট এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে রবিউল ইসলাম (৫৫), দত্তবাড়ী বউবাজার এলাকার মানিক মিয়ার ছেলে রাতুল (২০), লালখারবাগ এলাকার মোসলেমা বেগম (৩৮) এবং সোনাচুড়াবাগ এলাকার সাইফুল ইসলাম (৩৬)।

 

এছাড়া চুরি ও ছিনতাইয়ের সন্দেহে আটক করা হয় কুড়িপাড়া বাজার এলাকার মোজাম্মেল হোসেন খোকা (৪০), লালখারবাগ এলাকার আফজাল (৩৮) ও মৃদুল (২৪), নবীগঞ্জ কদম রসুল বড়বাড়ি এলাকার তাসনিম আহাম্মেদ সায়েম (২২) এবং নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার মিহাম আরাফাত (২১)-কে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বিভিন্ন মামলার আসামি, দুইজন (নারীসহ) আদালতের পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া আটক পাঁচজনের মধ্যে একজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং অপর চারজনকে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button