অপরাধ

বৃদ্ধকে পিটিয়ে হত্যা বিএনপি নেতা ও ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বৃদ্ধকে পিটিয়ে হত্যা বিএনপি নেতা ও ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধকে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজাসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন নিহতের মেয়ে ফারজানা আক্তার।

​সোমবার (২০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন তিনি। মামলার প্রধান আসামি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজা নোবেল ছাড়াও অন্য আসামিরা হলেন রবিন, মিলন ও অনন্ত। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে গোদনাইল সৈয়দপাড়ায় কয়েকজন ব্যক্তি মিলে এক তরুণীকে মারধর করছিলেন। এ সময় ফজলু নামের ওই বৃদ্ধ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দেন এবং মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ফজলুর ওপর চড়াও হন এবং তাকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন।

​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতের মেয়ের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

​তিনি আরও বলেন, “মামলা দায়েরের পর এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

​নিহতের পরিবারের অভিযোগ, আসামিদের মারধরের আঘাতেই ফজলুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারটির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হলো।

Leave a Reply

Back to top button